বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ১১০ কেজি (প্রায় ২৪২ পাউন্ড) উচ্চশক্তির ‘কুশ’ গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্মকর্তারা।
গত শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে দেশে ফেরার পথে তাদের লাগেজে সুকৌশলে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে বিমানবন্দরে একসঙ্গে এত বেশি সংখ্যক ভিক্ষু মাদকসহ ধরা পড়ার ঘটনা এটাই প্রথম।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত মাদকগুলো প্রতিটি লাগেজের ভেতরে কৃত্রিম দেয়াল তৈরি করে লুকিয়ে রাখা হয়েছিল। প্রতি ব্যাগে প্রায় ৫ কেজি করে গাঁজা ছিল, যা শিক্ষা উপকরণ এবং মিষ্টির প্যাকেটের ভেতরে এমনভাবে রাখা হয়েছিল যাতে কারো নজরে না আসে। গ্রেপ্তারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা একজন বেনামী স্পন্সরের অর্থায়নে চার দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর উপকণ্ঠ থেকে আরও এক ভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি পুরো ভ্রমণের আয়োজন করেছিলেন। সংবাদমাধ্যম বিবিসি সিনহালাকে পুলিশ জানায়, আয়োজক ভিক্ষু নিজে ভ্রমণে যাননি। তিনি ভ্রমণকারী ভিক্ষুদের আশ্বস্ত করেছিলেন যে, পার্সেলগুলো ‘দান’ হিসেবে পাঠানো হচ্ছে এবং বিমানবন্দরে পৌঁছালে একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।
গ্রেপ্তারকৃত ভিক্ষুদের মোবাইল ফোনে সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ভিক্ষুরা সম্ভবত জানতেন না যে তাদের ব্যাগে আসলে কী রয়েছে; তাদের অজান্তেই তাদের ‘বাহক’ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। রোববার (২৬ এপ্রিল) তাদের আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা পুলিশের নারকোটিক্স ব্যুরো।

















