বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান। ঈদ ছুটির পর প্রথম কার্যদিবসে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এই ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা প্রমাণের সুবিধার্থে এই ঋণ দেওয়ার বিষয়ে অত্যন্ত আগ্রহী। এই ঋণ সহায়তা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রমবাজারের সংকট ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিদেশে গমনেচ্ছুদের জন্য তৃতীয় ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “আমাদের দেশের কর্মীরা ভাষা না জানার কারণে অনেক সময় স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হন। ভাষা জানলে তারা আরও ভালো মানের কর্মসংস্থান ও উচ্চ বেতন পাওয়ার সুযোগ পাবেন।” বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















