বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ এবং বিদেশের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা এই জাতিকে কখনোই স্বনির্ভর হতে দেবে না বা কোমর সোজা করে দাঁড়াতে সাহায্য করবে না।
আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি মন্তব্য করেন যে, দেশ বর্তমানে আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না এবং দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
সরকারের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি কারণ পাপ কাউকে ছাড় দেয় না। ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দেয় বলেই তারা সমাজের বাস্তব হাহাকার ও সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারছে না। তিনি নীতিনির্ধারকদের স্বচ্ছতার চশমা দিয়ে সমাজকে দেখার এবং মানুষের প্রকৃত সংকট উপলব্ধি করার আহ্বান জানান।
তার মতে, বর্তমানে রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে, যদিও সরকারি দলের বক্তব্যে তার উল্টো চিত্র ফুটে ওঠে।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে জামায়াতের আমির বলেন, কৃষিই আমাদের দেশের প্রধান ভিত্তি হওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এই সত্যটি আমাদের ভুলে গেলে চলবে না। রাষ্ট্র ও সমাজে যার যেখানে গুরুত্ব প্রাপ্য, তাকে সেখানে যথাযথ স্থান দিতে হবে। কৃষিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে জ্বালানি সংকট মোকাবিলা ও কৃষকদের সুরক্ষা দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

















