বিতর্কের জেরে সরানো হলো নোরা ফাতেহির গান ‘সারকে চুনার’

কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সারকে চুনার তেরি সারকে’ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত এই গানটির বিরুদ্ধে অশ্লীল লিরিক এবং আপত্তিকর নৃত্যভঙ্গির অভিযোগ উঠেছে।
পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী ভিনিত জিন্দাল এই গানটির বিরুদ্ধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, গানটির কথা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং এর চিত্রায়ণ সামাজিক শালীনতা লঙ্ঘন করে।
বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি ভারতীয় দণ্ডবিধি ও পকসো (POCSO) আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি দিল্লি পুলিশের সাইবার সেলেও এই মর্মে আলাদা একটি অভিযোগ জমা পড়েছে।
১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রেম এবং এতে মুখ্য ভূমিকায় রয়েছেন দ্রুব সূর্য। গানটি মুক্তির মাত্র তিন দিনে ইউটিউবে প্রায় ৪০ লাখ ভিউ অর্জন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, আইনি জটিলতা এড়াতে নির্মাতারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।
বর্তমানে ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—উভয় সংস্করণই সরিয়ে ফেলা হয়েছে। তবে এই বিতর্ক ও গান প্রত্যাহারের বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট বা নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















