বিএনপি এখন আওয়ামী লীগের কালচার অনুসরণ করছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, বর্তমানে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি ও আদর্শ অনুসরণ করছে। তিনি বলেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপিকে আমরা দেখেছি, সেই বিএনপিকে এখন আর চিনতে পারছি না।”
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটি চিত্র আমরা গতকাল দেখতে পেয়েছি। আবারও ক্যাম্পাসগুলোতে মেধা ও যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে।”
তিনি আরও যোগ করেন যে, মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি, বরং এই লড়াই আরও দীর্ঘায়িত হয়েছে। এই লক্ষ্য অর্জনে সারাদেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, “আমরা দেখছি বিএনপি এখন বাংলাদেশে আওয়ামী লীগের কালচার অনুসরণ করছে। তারা এখন ৭২-এর সংবিধানের রাজনীতি করছে। তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না।”
আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসিফ মাহমুদ তার দলের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে। মানুষের মধ্যে আমাদের যে সমর্থন ও ভালোবাসা আছে, সেটাকে ভোটে রূপান্তর করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করে দেখাতে চাই।”
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত নন কিংবা গণহত্যার সঙ্গে জড়িত নন, তাদের সবাইকে যেন জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়।

















