বিএনপিকে নিয়ে এমপি হানজালার কড়া সমালোচনা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে শিবচর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নে আয়োজিত এক ইফতার মাহফিলে দেওয়া তার বক্তব্যের ৪ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্য হানজালাকে বলতে শোনা যায়, শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করছেন। এর প্রেক্ষিতে তিনি বলেন, “আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আমি চুপ করে আছি মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল।”
তিনি আরও যোগ করেন, “আমি খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আমার জায়গায় আজ অন্য কেউ হলে আপনাদের বাড়িঘরে থাকতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি।” সাবেক সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি।”
এমপি হানজালার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা। তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান এমপি এবং তার পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। তিনি আসলে শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাতে চাচ্ছেন। শিবচরের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই তিনি বিএনপিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় অনেকের মতে, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের ‘হুমকিমূলক’ ভাষা কাম্য নয়। আবার কেউ কেউ মনে করছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি বন্ধের কথাই বলতে চেয়েছেন।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

















