বাসের ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বেড়েছে ১১ পয়সা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই ভাড়ার তালিকা ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বিআরটিএ এবং বাস মালিক সমিতির সাথে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। এর ফলে মহানগরে যাতায়াতে যাত্রীদের আগের চেয়ে ৪.৪৫ শতাংশ বেশি ভাড়া গুণতে হবে। অন্যদিকে, দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে, যা শতাংশের হিসেবে ৫.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকাগুলোতেও ভাড়ার সমন্বয় করা হয়েছে। এসব এলাকায় আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল ২ টাকা ৩২ পয়সা, যা এখন ১১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪৩ পয়সায়। শতাংশের হিসেবে এই বৃদ্ধির হার ৪.৭৪ শতাংশ। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় অনিবার্য হয়ে পড়েছিল।
ভাড়া কার্যকর করার বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন নির্ধারিত এই ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে, বাস মালিকরা এই নির্ধারিত ভাড়া মেনে চলার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছেন। কোনো বাস মালিক যদি এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেন, তবে সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থানে যাবে বলেও তিনি সাফ জানিয়ে দেন।

















