বান্দরবানে পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানের মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও তার চার বছর বয়সী শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—শহরের মেঘলা এলাকার কানাপাড়া গ্রামের বাসিন্দা রমেসিং মার্মা (৩০) এবং তার চার বছরের মেয়ে বৃষ্টি মার্মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকেই রমেসিং মার্মা ও তার মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পাহাড়ের চূড়া থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে পাহাড়ি এলাকায় মা ও মেয়ের একসাথে এভাবে মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এটি কেবল দুর্ঘটনা নাও হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যদি কোনো অপরাধী এর পেছনে থাকে, তবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, “আমরা মেঘলা এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা বিস্তারিত জানা যাবে।”

















