বাদশার কপালে গুলি করার সরাসরি হুমকি!

বলিউড ও পাঞ্জাবি সংগীত জগতের জনপ্রিয় র্যাপার বাদশাকে এবার সরাসরি ‘কপালে গুলি করার’ হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বাহিনী। শনিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় এই চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বাদশার সাম্প্রতিক গান ‘টটীরী’-তে হরিয়ানার সংস্কৃতি ও নারীদের অবমাননা করা হয়েছে, যা ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত।
শনিবার রণদীপ মালিক ও অনিল পণ্ডিত নামক দুটি প্রোফাইল থেকে এই হুমকিবার্তা পোস্ট করা হয়। রণদীপ নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছেন। বার্তায় লেখা হয়েছে, “বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে তোমার ক্লাবে আমরা একটি ট্রেলার দেখিয়েছিলাম। এবার সরাসরি তোমার কপালে গুলি করব।” এই বার্তার পর আবারও বলিউডজুড়ে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বাদশার সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘টটীরী’ ঘিরেই এই বিতর্কের শুরু। গানের একটি পংক্তিতে বলা হয়েছে—“আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে”। সমালোচকদের দাবি, এই লাইনের মাধ্যমে হরিয়ানার নারীদের কুরুচিকর ও অপমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। হরিয়ানা নারী কমিশনও এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে।
বিষ্ণোই গ্যাং জানিয়েছে, ২০২৪ সালের শুরুতে চণ্ডীগড়ের নাইটক্লাবে যে বিস্ফোরণ হয়েছিল, তা ছিল বাদশার জন্য একটি সতর্কবার্তা। সে সময় তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, যা তিনি গুরুত্ব দেননি। হুমকির পাশাপাশি গ্যাংটি পানিপথে গ্যারি ও শ্যাঙ্কির অফিসে গুলি চালানোর দায়ও স্বীকার করেছে। তাদের দাবি, ওই দুই ব্যক্তি হাওয়ালা কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।

















