বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক এবং পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে।
এই হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে, গত ৭ মার্চ রাতে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলামকেও (২৭) একইভাবে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত নুর ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, কয়েকদিনের ব্যবধানে কর্মচারী ও মালিকের ওপর এমন সশস্ত্র হামলার পেছনে ব্যবসায়িক কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
একই প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর ওপর উপর্যুপরি এই সশস্ত্র হামলার ঘটনায় পুরো উপজেলায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এই নজিরবিহীন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

















