বাংলাদেশ দলকে ১০ শতাংশ আর্থিক জরিমানা করলো আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের আগে দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। স্লো-ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে আর্থিক জরিমানা করেছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম বোলিং করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসেবে ২ ওভারের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি অ্যান্ডি পে-ক্রাফট এই শাস্তির ঘোষণা দেন। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ধীরগতির বোলিংয়ের অভিযোগ তোলেন। অধিনায়ক মিরাজ এই অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ চলাকালীনও স্লো-ওভার রেটের প্রভাব পড়েছিল কৌশলে। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭ ওভার শেষে আম্পায়াররা ধীরগতির সংকেত দিলে শেষ ৩ ওভারে অতিরিক্ত একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের ভেতরে রাখতে বাধ্য হয় বাংলাদেশ। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দারুণ বোলিং করে ৪৮.৪ ওভারে কিউইদের ১৯৮ রানেই গুটিয়ে দেয় টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তরুণ পেসার নাহিদ রানা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ফলাফল।

















