বলিউড অভিনেত্রী জেরিন খানের মা আর নেই

বলিউড অভিনেত্রী জেরিন খানের জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। দীর্ঘ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তাঁর মা পারভীন খান।
আজ ৮ এপ্রিল সকালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী। আজ সকাল ১০টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেরিন নিজেই ভক্তদের এই দুঃসংবাদটি জানিয়েছেন।
মায়ের অসুস্থতার কারণে গত বছর থেকেই অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিলেন জেরিন। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। কিছুদিন আগে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছিলেন, “আমি প্রতিটি মুহূর্তে মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না।”
মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্তদের কাছে বারবার প্রার্থনার অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আর ফিরতে পারলেন না তাঁর মা।
জেরিনের এই জীবনযুদ্ধ দীর্ঘদিনের। বহু বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাবার আকস্মিক চলে যাওয়ার পর মা ও বোনের পুরো দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়েছিল। পরিবারের হাল ধরতে অভিনয় শুরুর আগে তিনি কল সেন্টারেও চাকরি করেছেন।
মূলত মা ও বোনকে একটি সুন্দর ও সচ্ছল জীবন দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি বিনোদন জগতে পা রেখেছিলেন। সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী আজ তাঁর জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও অনুপ্রেরণাকে হারালেন। শোকের এই মুহূর্তে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

















