বর্তমান সরকারের প্রতি নিরপেক্ষ বিচারের প্রত্যাশা সাকিবের

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমান সরকারের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফেরার ব্যাকুলতা, নিজের বিরুদ্ধে হওয়া মামলা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সাকিব বলেন, “আমার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোর কোনো প্রমাণ বা ভিত্তি নেই এটি সবাই বলছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।”
তিনি মনে করেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সদিচ্ছা থাকলে যেকোনো বিষয় দ্রুত সমাধান করা সম্ভব। বর্তমান সরকারের সময়কাল এখনো অল্প উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, তারা সবকিছু নিরপেক্ষভাবে দেখবে এবং নিরপরাধ ব্যক্তিরা যেন সঠিক বিচার পায় তা নিশ্চিত করবে।
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “স্বাভাবিকভাবে যেকোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি।”
বর্তমানে বিদেশে থাকলেও তিনি নিজের উদ্যোগে আইনি বাধাগুলো অতিক্রম করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, বিসিবি যদি এই আইনি প্রক্রিয়ায় তাকে আরও সক্রিয়ভাবে সহায়তা করত, তবে ফেরার পথ অনেকটা সহজ ও দ্রুত হতো।
রাজনীতি ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাকিব তার নিজস্ব অভিমত তুলে ধরেন।
তিনি বলেন, “কাউকে দূরে সরিয়ে রেখে দেশে স্বস্তি আসবে না। গণতান্ত্রিক ধারাতেও এটি হওয়া উচিত নয়।”
প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি আরও যোগ করেন, “আগের কেউ সাফার করেছেন বলে এখন অন্যদেরও সাফার করাতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
বর্তমানে সাকিবের প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা এবং ক্রিকেটে মনোনিবেশ করা। খেলার প্রতি তার আগ্রহ এখনো আগের মতোই অটুট আছে জানিয়ে তিনি বলেন, “রাজনীতি আমৃত্যু করা যায়, তবে ক্রিকেটের সময় ফুরিয়ে আসছে। তাই আগে ক্রিকেটীয় সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।”
পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি তিনি এখন আইনি জটিলতা কাটিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

















