বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেফতার

বরিশাল নগরীতে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটিতে থাকা জাহিদা বেগমের কাছ থেকে এক হাজার পিস অবৈধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। মাদক পাচারের উদ্দেশ্যে তিনি কক্সবাজার থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত জাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মাদক পাচারের এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

















