বডি-শেমিং মন্তব্যে আমির হামজার ওপর চটলেন নারী এমপিরা

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজার নারী সংসদ সদস্যদের নিয়ে করা ‘বডি-শেমিং’ মন্তব্যে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নারী এমপিদের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। এর প্রতিবাদে গতরাতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তারা আমির হামজার মন্তব্যকে অশালীন আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।
আমির হামজার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমির হামজার এই কুরুচিপূর্ণ আচরণ নতুন কিছু নয়। সংসদে এক সপ্তাহ কাটানোর পরও তিনি আসন বিন্যাস সম্পর্কে জানেন না—এটি অবাক করার মতো।
মূলত এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। অন্যদিকে, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন একে অত্যন্ত অসম্মানজনক হিসেবে উল্লেখ করে বলেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি শুধু নারী এমপিদের নয়, দেশের সব নারী এমনকি নিজের মাকেও অপমান করেছেন।
এদিকে, নিজ দলের সংসদ সদস্যের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জামায়াতে ইসলামী। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার জানিয়েছেন, আমির হামজাকে দলের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। তা সত্ত্বেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা লজ্জিত।
কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকেও এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়েছে, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এ ধরনের কথা বলতে পারেন না। ছাত্রদল জানিয়েছে, আমির হামজা ক্ষমা না চাইলে তারা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

















