বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে নকিয়া

একসময়ের বিশ্বখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া তাদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ বা প্রায় ১৪,০০০ কর্মী ছাঁটাই করতে পারে।
বর্তমানে নকিয়ার বৈশ্বিক কর্মী সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার একটি বড় অংশ ভারতে কর্মরত। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাই প্রক্রিয়ায় ভারতে থাকা নকিয়ার ১৭,০০০-এর বেশি কর্মী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
নকিয়ার এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যবসায়িক মন্দা এবং প্রাতিষ্ঠানিক পদের পুনরাবৃত্তি। বিশেষ করে ২০২৩ সালে নকিয়ার ‘ক্লাউড ও নেটওয়ার্ক সার্ভিস’ এবং ‘মোবাইল নেটওয়ার্ক’ বিভাগ একীভূত হওয়ার ফলে অনেক ক্ষেত্রে একই ধরনের কাজের জন্য একাধিক কর্মীর প্রয়োজন ফুরিয়ে গেছে।
এছাড়া ভারতে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ব্যবসায়িক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে নকিয়ার নিট বিক্রি আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কমে ৩৯৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, যা আগে ছিল ৪৬৩ মিলিয়ন ইউরো।
বৈশ্বিক প্রযুক্তি বাজারে অস্থিরতার এই ঢেউ শুধু নকিয়াতেই সীমাবদ্ধ নেই। এর আগে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো জায়ান্টরা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এমনকি মেটাও বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে।
নকিয়ার ক্ষেত্রে এই প্রবণতা দীর্ঘদিনের; গত আট বছরে প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক কর্মী সংখ্যা ১,০৩,০০০ থেকে কমিয়ে ৭৪,১০০-এ নামিয়ে এনেছে। এবারের পুনর্গঠনে ভারত ছাড়াও ইউরোপের গ্রিস, ইতালি, জার্মানি ও ফ্রান্সে প্রায় ১,৪০০ কর্মসংস্থান হারানোর সম্ভাবনা রয়েছে।

















