বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া। সোমবার বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা জিয়া বাড়ির পথে রওনা দেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পৈতৃক বাড়িতে যাবেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন।
প্রধানমন্ত্রী বিকেল ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেবেন। বিকেল পৌনে ৬টার দিকে বগুড়া প্রেসক্লাবের ‘নতুন ভবন’ উদ্বোধন এবং বিকাল ৫.৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ উদ্বোধন করবেন। দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর।
সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সব অনুষ্ঠান শেষ করে তারা সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

















