বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত

ঈদযাত্রীদের নিয়ে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
খাদিজা খাতুন জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

















