বক্স অফিসে অক্ষয়ের ‘কামব্যাক’, ১০০ কোটির দোরগোড়ায় ‘ভূত বাংলা’

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার যেন আবারও তার পুরনো রাজত্ব ফিরে পাচ্ছেন। পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। একের পর এক ফ্লপ সিনেমার খরা কাটিয়ে এই হরর-কমেডি দিয়ে অক্ষয় এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মুক্তির মাত্র ৭ দিনেই ভারতের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সপ্তাহের কর্মদিবসেও যেভাবে টিকিট বিক্রি হয়েছে, তা সাম্প্রতিক সময়ে অক্ষয়ের সিনেমার জন্য এক ইতিবাচক ইঙ্গিত। যে গতিতে সিনেমাটি এগোচ্ছে, তাতে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে নিশ্চিত ধারণা করা হচ্ছে।
‘ভুলভুলাইয়া’র মতো কালজয়ী হিট উপহার দেওয়া প্রিয়দর্শন ও অক্ষয় জুটি আবারও দর্শকদের নস্টালজিয়া উসকে দিয়েছে। কমেডি ও রহস্যের নিখুঁত মিশেলে অক্ষয় কুমার যে এখনো দর্শকদের প্রথম পছন্দ, তা প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড়ই প্রমাণ করছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলছে।
সিনেমাটির সাফল্যের বড় একটি অংশ জুড়ে রয়েছে এর শক্তিশালী অভিনয়শিল্পীবৃন্দ। এতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছেন রাজপাল যাদব, পরেশ রাওয়াল, শারমন যোশি, ওয়ামিকা গাব্বি।
বিশেষ করে রাজপাল যাদব ও পরেশ রাওয়ালের সঙ্গে অক্ষয়ের দুর্দান্ত কমিক টাইমিং সিনেমাটিকে প্রাণবন্ত করে তুলেছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহান্তে বড় কোনো সিনেমা মুক্তির তালিকায় নেই। ফলে ‘ভূত বাংলা’র সামনে আয়ের পথ একদম পরিষ্কার। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী আয়ের হিসেবে সিনেমাটি চলতি বছরের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় নাম লেখাতে যাচ্ছে।
সব মিলিয়ে ‘ভূত বাংলা’ দিয়ে বক্স অফিসে অক্ষয়ের নতুন জয়যাত্রা শুরু হলো—এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

















