ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারছি: নাহিদ ইসলাম

দীর্ঘ প্রতীক্ষার পর ফ্যাসিবাদমুক্ত একটি দেশে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে পারছি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষের মাঝে এখন স্বস্তির নিঃশ্বাস বইছে এবং এই স্বাধীনতা বজায় রাখা সবার দায়িত্ব।
সরকারের কার্যক্রম ও সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম কিছুটা হতাশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এ নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দিকে না এগোয়, তবে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল হিসেবে এনসিপি সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।
তবে বর্তমান সরকারের সামগ্রিক গতিবিধি মূল্যায়নের জন্য তাদের আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি ইতিবাচক দিক তুলে ধরে বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু জনকল্যাণমূলক কাজ তারা বেশ দ্রুততার সঙ্গেই সম্পন্ন করেছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার যেন তাদের দেওয়া বাকি প্রতিশ্রুতিগুলোও দ্রুত বাস্তবায়ন করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

















