প্রার্থিতা ফিরে পেতে কমিশনে যাচ্ছেন মনিরা শারমিন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনিরা শারমিন গণমাধ্যমকে জানান, তিনি এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তা আমার কাছ থেকে সব কাগজপত্র জমা নিয়েছেন, কিন্তু আজ মনোনয়ন বাতিল করে দিলেন। আমি আমার নিজের অবস্থান ব্যাখা করার বা কথা বলার সুযোগ পাইনি। আমি যথাযথ শুনানির সুযোগ চাই।”
বাতিলের কারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, “যে আইনের দোহাই দিয়ে বা তিন বছরের সময়ের অজুহাতে এটি বাতিল করা হলো, বাস্তবতার সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই।”
মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব জানান, প্রার্থিতা ফিরে পেতে আগামী রবিবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আপিলে প্রার্থিতা ফেরত পাব বলে আশা করছি।”
উল্লেখ্য, গত বুধবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে মনিরা শারমিনের মনোনয়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে তা স্থগিত রাখা হয়েছিল। আজ চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেয় কমিশন।

















