প্রশ্নপত্র বিতরণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারক চক্রের বিভ্রান্তি ও অপপ্রচার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা জানান। ‘প্রশ্নপত্র বিতরণে জিরো টলারেন্স নীতি: অপপ্রচার থেকে সচেতন থাকা জরুরি’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তুলে ধরেন।
মাহদী আমিন জানান, ভুয়া প্রশ্ন সাজিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত কয়েক দিনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা অবৈধ আর্থিক লাভের আশায় একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছিল। তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেয় এবং পরে গ্রুপ বন্ধ করে উধাও হয়ে যায়।
প্রতারকদের কৌশল সম্পর্কে উপদেষ্টা বলেন, চক্রটি পরীক্ষা শুরু হওয়ার পর মূল প্রশ্ন সংগ্রহ করে তা আগের রাতে আপলোড করা ভুয়া প্রশ্নের জায়গায় ‘রিপ্লেস’ করে দেয়। এতে মনে হয় যে তারা আগেই প্রশ্ন ফাঁস করেছিল। এই ঘৃণ্য অপকৌশল রুখতে বর্তমান নির্বাচিত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময় থেকেই এই চক্রটি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে আসছে। তবে বর্তমান সরকার একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। সুনাগরিকের গুণাবলী সম্পন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে।

















