প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন উদ্বোধন করবেন সোমবার

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৬ মার্চ) এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সফরের প্রস্তুতি হিসেবে শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর বেলা ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরাসরি কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তাঁরা দিনাজপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর নির্ধারিত সুধী সমাবেশের সভাস্থল ঘুরে দেখেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভায় প্রধানমন্ত্রীর সফর যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
শাহাপাড়া খাল খনন প্রকল্পটি এলাকার কৃষিজমির সেচ সুবিধা নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ১৬ মার্চের এই ঐতিহাসিক কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

















