প্রথম বাংলাদেশি নারী নাহিদার টি-টোয়েন্টিতে অনন্য ‘সেঞ্চুরি’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার গৌরব অর্জন করেন তিনি।
২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া নাহিদা গত ১১ বছর ধরে টাইগ্রেসদের বোলিং ইউনিটের অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন।
নাহিদার মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কান ব্যাটার হর্ষিতা সমরবিক্রমার ৩৫ বলে ৬১ রান এবং ইমেশা দুলানির ৫৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার একটি উইকেট নেন। নিজের শততম ম্যাচে নাহিদা আক্তার ৪ ওভার বল করে ২৬ রান খরচায় শিকার করেন ১টি উইকেট।
টি-টোয়েন্টি ফরম্যাটে নাহিদার ক্যারিয়ার এখন ঈর্ষণীয় উচ্চতায়। ১০০ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১১৬টি উইকেট, যা বাংলাদেশি নারী বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২৬ বছর বয়সী এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার হলো ৮ রানে ৫ উইকেট, যা তিনি ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে অর্জন করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার এই ধারাবাহিকতা ও অভিজ্ঞতার ছাপ বরাবরের মতো আজও উজ্জ্বল ছিল।

















