প্রতিমাসে কক্সবাজার গিয়ে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের: অলি আহমদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নজিরবিহীন ও বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম। ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজার গিয়ে সাবেক এমপি আবদুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অলি আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, “ওবায়দুল কাদের প্রতি মাসে এক-দুইবার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন—মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বারবার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য।”
মাদকের ভয়াবহতা উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের সমস্যা কিছুটা কমেছিল। কিন্তু এখন ইয়াবা ব্যবসা জনপ্রতিনিধিরাই নিয়ন্ত্রণ করছে। রাতারাতি কোটি কোটি টাকা কামানোর জন্য এর চেয়ে সহজ কোনো ব্যবস্থা নেই। তিনি আক্ষেপ করে বলেন, “জনপ্রতিনিধিরা বলছে—ইয়াবা যারা করে, তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। কিন্তু বাস্তবে পুলিশের কাছে তাদের বিচার হচ্ছে না।”
দেশের সংসদ ও আইনপ্রণেতাদের সমালোচনা করে অলি আহমদ বলেন, বর্তমান সংসদের তিন ভাগের একভাগ ব্যবসায়ী এবং আরেক ভাগ অশিক্ষিত। যারা ‘পার্লামেন্ট’ বানানও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তিনি আরও বলেন, “অশিক্ষিত না লিখে ভদ্র ভাষায় তারা লেখে ‘স্বশিক্ষিত’। কিন্তু স্বশিক্ষিত মানেই তো অশিক্ষিত।”
গোলটেবিল বৈঠকে খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















