প্রতিদিন ৯০ জন পাবেন ১০ টাকায় দুধ: জেসি অ্যাগ্রো ফার্মের ঘোষণা

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের অগ্নিমূল্যের বাজারে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস দশা, তখন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘জেসি অ্যাগ্রো ফার্ম’। স্থানীয় নিম্নআয়ের ও অসচ্ছল মানুষের পুষ্টির চাহিদা মেটাতে মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি শুরু করেছে এই খামার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে এই মহৎ কার্যক্রমের শুভ সূচনা হয়। খামারের এমন ঘোষণায় প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, জেসি অ্যাগ্রো ফার্মে বর্তমানে আড়াইশ গরু রয়েছে, যার মধ্যে ১৮টি গাভী থেকে প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদিত হয়। বাজারের বর্তমান দর অনুযায়ী প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও, রমজান মাস জুড়ে প্রতিদিন সর্বোচ্চ ৯০ জন মানুষকে এক লিটার করে দুধ মাত্র ১০ টাকায় প্রদান করা হবে। অনেক ক্ষেত্রে অতি দরিদ্রদের বিনামূল্যেও দুধ দেওয়া হচ্ছে। জেসি অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ জানান, রমজানে দুধের ব্যাপক চাহিদা থাকলেও দামের কারণে অনেক নিম্নবিত্ত মানুষ তা কিনতে পারেন না। মূলত তাদের কথা বিবেচনা করেই ব্যবসায়িক লাভের চিন্তা ছেড়ে নামমাত্র মূল্যে এই দুধ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
জেসি অ্যাগ্রো ফার্মের এই উদ্যোগে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। স্বল্পমূল্যে দুধ কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় নিম্নআয় ও শ্রমজীবী মানুষ। নিয়ামতপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, বাজারে ১২০ টাকা দিয়ে দুধ কেনা তাদের জন্য প্রায় অসম্ভব ছিল, কিন্তু এখন মাত্র ১০ টাকায় দুধ পাওয়ায় তারা সেহরিতে পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে জেসি অ্যাগ্রো ফার্মের মতো মানবিক উদ্যোগ বিত্তবান ও অন্যান্য খামারিদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ক্ষুদ্র সহায়তা সাধারণ মানুষের কষ্টের সময়ে এক চিলতে স্বস্তি ও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

















