প্রটোকল ভেঙে কবরে নেমে দাফন কাজে শরিক হলেন প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় প্রটোকল ও পদের অহংকার ছাপিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক সাধারণ মানুষের দাফন কাজে সরাসরি কবরে নেমে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে বিকেলে সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে সড়ক সংলগ্ন একটি কবরস্থানে দাফন কাজ চলতে দেখে তিনি হঠাৎ নিজের গাড়ি বহর থামানোর নির্দেশ দেন। কোনো দ্বিধা ছাড়াই গাড়ি থেকে নেমে সোজা কবরস্থানে চলে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিমন্ত্রী কেবল উপস্থিতই হননি, বরং নিজেই কবরে নেমে লাশ খাটিয়া থেকে নামিয়ে শায়িত করার কাজে সরাসরি শরিক হন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতও করেন তিনি। উপজেলা বিএনপির সদস্যসচিব মো. এনামুল কাদির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন এই ঘটনায় বিস্ময় ও অভিভূত হওয়ার কথা জানিয়েছেন। তারা বলেন, একজন পদস্থ ব্যক্তির এমন নিরহংকার আচরণ বর্তমান সময়ে বিরল।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্তমান সময়ে জনপ্রতিনিধিদের এমন মাটির মানুষ হয়ে ওঠা সমাজের জন্য এক বড় বার্তা। পদের অহংকার ভুলে সাধারণ মানুষের শেষ বিদায়ে এভাবে পাশে দাঁড়ানো অনুকরণীয় হয়ে থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর দাফন কাজে অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

















