প্যারিসে ঈদ উৎসবে মাতবে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) প্যারিসের বিভিন্ন স্থানে ঈদ জামাত ও বর্ণাঢ্য আনন্দমেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে স্তাঁ-তে অবস্থিত বাংলাদেশিদের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।
এখানে সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু করে প্রতি ৪৫ মিনিট অন্তর মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার শেষটি হবে সকাল ১০:৩০ মিনিটে। বিশেষ ব্যবস্থায় নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজ আদায়ের সুযোগ। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান জানান, এই আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির একটি মেলবন্ধন।
বাংলাদেশি অধ্যুষিত লা কুরনেভ, সাঁ-দেনি এবং ওবেরভিলিয়ে এলাকাতেও স্থানীয় সংগঠন ও মসজিদ কমিটির উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওবেরভিলিয়ে বাংলাদেশি জামে মসজিদে প্রথম জামাত শুরু হবে সকাল ৭:১৫ মিনিটে। এছাড়া প্যারিসের ঐতিহ্যবাহী ‘লা গ্রঁদ মসকি দ্য পারি’-তে সকাল ৮টা ও ৮:৪৫ মিনিটে প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করবেন। মেট্রো হোশ ও সার্খসেল ইনডোর স্টেডিয়ামেও ঈদের বিশেষ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নামাজ পরবর্তী উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করতে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) উদ্যোগে পার্ক দ্য লা ভিলেত-এ আয়োজন করা হয়েছে ‘ঈদ ফেস্টিভ্যাল প্যারিস ২০২৬’। এই উৎসবে খাবারের স্টল, পোশাকের দোকান এবং শিশুদের জন্য বিনোদনের সুব্যবস্থা থাকবে। একই দিনে প্লাস দ্য ফেত ও বাস্তিল চত্বরে অনুষ্ঠিত হবে ঈদ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগামী ২২ মার্চ ল্য ফিনিক্স-এ ‘ফেত ঈদ ২০২৬’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে লাইভ সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
আয়োজকদের মতে, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ পৌঁছে দেওয়ার একটি অনন্য সুযোগ। এই উৎসবের মধ্য দিয়ে ফ্রান্সে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

















