পূজায় আসছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’, থাকছেন অনির্বাণ

টালিউডে দীর্ঘদিনের জল্পনা ও জট কাটিয়ে অবশেষে ঘোষণা করা হলো অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’। বহুল আলোচিত এই প্রজেক্টের মাধ্যমে শুধু নায়ক হিসেবেই নয়, প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। শুক্রবার (১০ এপ্রিল) এই বড় ঘোষণাটি দিয়ে তিনি টলিউডের সকল বিতর্ক ও ‘ব্যান কালচার’-এর অবসান ঘটানোর বার্তা দিয়েছেন।
সিনেমাটির সবচেয়ে বড় চমক হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের অন্তর্ভুক্তি। গত কয়েকদিন ধরে অনির্বাণের কাজে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা সরাসরি কাটিয়ে দিলেন দেব। তিনি স্পষ্ট জানান, “ব্যান সবার ওপর থেকেই উঠেছে।” পাশাপাশি তার দীর্ঘদিনের সফল জুটি শুভশ্রী গাঙ্গুলিকেও এবার দেখা যাবে এই মেগা প্রজেক্টে। তবে এবার শুভশ্রী দেবের নায়িকা হিসেবে কাজ করলেও, ক্যামেরার পেছনে নির্দেশকের ভূমিকায় থাকবেন স্বয়ং দেব।
পরিচালনা প্রসঙ্গে দেব জানান, তাকে এই সাহস জুগিয়েছেন বান্ধবী রুক্মিণী মৈত্র। তিনি বলেন, “রুক্মিণীই আমাকে পরিচালনার পরামর্শ দিয়েছে। ‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানো বড় দায়িত্ব, আর সেই গুরুভার আমি নিতে প্রস্তুত।” দেবের মতে, দেব-শুভশ্রী জুটিকে পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নিতে চাইবেন, আর তিনি সেই সুযোগটি এবার নিজের কাঁধেই নিয়েছেন।
দেব সবসময়ই টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষায় সোচ্চার। তিনি জানান, ‘দেশু ৭’ সিনেমায় প্রায় ১০ হাজার টেকনিশিয়ান কাজ করবেন। কারো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যেন সাধারণ কর্মীদের ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে টানা ৫০ দিন এই সিনেমার শুটিং চলবে।
উল্লেখ্য, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস দেবের এই ঘোষণা নিয়ে বিস্তারিত জানেন না বলে দাবি করলেও, দেবের এই পদক্ষেপ টালিউডে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সব ঠিক থাকলে আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। এখন দেখার অপেক্ষা, পরিচালক হিসেবে দেব দর্শকদের কতটা চমকে দিতে পারেন।

















