পুকুরে মিললো পুলিশ কর্মকর্তা চিন্ময় মণ্ডলের মায়ের মরদেহ

খুলনার পাইকগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে ভারতী মণ্ডল (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতী মণ্ডল বাগেরহাটে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ভারতী মণ্ডলকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার একপর্যায়ে নিহতের ভাই সুকুমার মনি বাড়ির পাশের পুকুরপাড়ে রক্তের দাগ দেখতে পান। এরপর পুকুরে তাকালে ভারতী মণ্ডলের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুকুরপাড়ে রক্তের দাগ থাকায় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধারের পর থেকেই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

















