পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দিয়া রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহ নামের এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায়ের জন্য ভোরে তার বাসায় যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। এর প্রতিক্রিয়ায় আবু মুসা মারাত্মক উত্তেজিত হয়ে নবীউল্লাহর পরিবারের ওপর হামলা চালান।
হামলায় নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারের (৩৫) বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দিয়া আক্তার তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে নবীউল্লাহর অন্য দুই সন্তান জয়া (১২) ও মুয়াজকেও (১৫) কুপিয়ে আহত করেন মুসা।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। কবজি বিচ্ছিন্ন হওয়া মৌসুমীসহ বাকি দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, হামলাকারী আবু মুসাও আহত অবস্থায় পুলিশি পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

















