নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্ন- এক চিলতে হাসির জন্যে’। সোমবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৩৫০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈকত মজুমদার এবং সঞ্চালনা করেন তাসনিম বিনতে রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ মোহাম্মদ কামরুল হোসেনসহ সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
২০১৩ সাল থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে নিয়মিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘প্রজেক্ট ১০ টাকায় শিক্ষা’, ‘প্রজেক্ট ১০ টাকায় সেবা’, ‘প্রজেক্ট সেফ টাচ্ রঙ টাচ্’ এর মতো আরও নানা মানবিক কার্যক্রম।

















