নৈশভোজে বন্দুকধারীর গুলির ঘটনায় ইরান যুদ্ধের যোগসূত্র নেই: ট্রাম্প

ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে নৈশভোজে বন্দুকধারীর গুলি চালানোর ঘটনার সাথে ইরান যুদ্ধের কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে ‘বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মতে, সে একাই এই কাজ করেছে।’
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন।
সে সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেন। অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে।
পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল ‘সম্ভাব্য আততায়ী’। তার কাছে একাধিক অস্ত্র ছিল। লোকটি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে চলে এসেছিল।’
তিনি বলেন, ‘আমাদের একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি খুব ভালো বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন বলে বেঁচে গেছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আজ রাতে যা কিছু হয়েছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।’
প্রেসিডেন্ট আরও বলেন, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি দেওয়া হবে এবং তা হবে আগের চেয়ে আরও আকর্ষণীয়।
এই ঘটনার খবর প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যম যে অত্যন্ত ‘দায়িত্বশীল’ ভূমিকা পালন করেছে, সেজন্য তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এই ঘটনাটি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য একটি অত্যন্ত ট্রমাটিক অভিজ্ঞতা ছিল। জানান, শুরুতে তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি। তিনি বলেন, আমি থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম।
কিন্তু হামলাকারী একাই ছিল কি না, তা স্পষ্ট না হওয়ায় প্রোটোকল অনুযায়ী তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল।

















