নিরাপত্তার গ্যারান্টি পেলে পরশুই দেশে ফিরতে প্রস্তুত সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী দুই দিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। ভারতের মুম্বাইয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, যথাযথ নিরাপত্তা এবং হয়রানি না করার প্রতিশ্রুতি পেলে তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন।
নিজের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার বিষয়ে সাকিব বলেন, “আমি ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো। এতে কোনো সমস্যা নেই। তবে আমার স্বাভাবিক নিরাপত্তার প্রয়োজন আছে।” তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো বিশেষ ভিআইপি নিরাপত্তা চাচ্ছেন না। তাঁর ভাষ্যমতে, “আমি বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করতে হবে। শুধু আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করা হবে না—এই গ্যারান্টি কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরবো।”
সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করে রাখায় তিনি অনেক ব্যক্তিগত আইনি ঝামেলা বা চেক বাউন্সের মতো বিষয়গুলো নিষ্পত্তি করতে পারছেন না। তিনি বলেন, “প্রায় দেড় বছর তদন্ত চললেও আমার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম পাওয়া যায়নি।” অ্যাকাউন্ট সচল না থাকায় সাধারণ লেনদেন করতে না পারাকে তিনি বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন।
২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরতে না পারা প্রসঙ্গে সাকিব স্মৃতিচারণ করে বলেন, “সবকিছু ঠিক আছে জেনেই দুবাই পর্যন্ত গিয়েছিলাম। যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেই প্লেনে উঠেছিলাম। কিন্তু দুবাই পৌঁছানোর পর আমাকে জানানো হলো—একটু সমস্যা হয়ে গেছে, এখন না এলেই ভালো হয়। তাই বাধ্য হয়ে দুবাই থেকে একদিন পরেই ফেরত যাই।”
বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান ও আইনি সংকট নিয়ে চাপে থাকা এই ক্রিকেটার আবারও তাঁর প্রিয় জন্মভূমিতে ফেরার আকুলতা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে তাঁর এই নিরাপত্তার আহ্বানে কোনো সাড়া আসে কি না।

















