নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি, টার্গেট ছিলেন ট্রাম্পের কর্মকর্তারা

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলা চালানো।
শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের একটি হোটেলের লবিতে এই গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিবিএস নিউজের তথ্যমতে, অভিযুক্ত অ্যালেন মেটাল ডিটেক্টর এবং কঠোর নিরাপত্তা বলয় এড়িয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় বাধা দিলে তিনি খুব কাছ থেকে একজন ফেডারেল নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। নিরাপত্তারক্ষীর গায়ে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান। ঘটনাস্থলে ৫ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।
গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক তৎপরতায় অ্যালেনকে জাপটে ধরেন এবং নিয়ন্ত্রণে নেন। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে এফবিআই ও স্থানীয় পুলিশ অ্যালেনকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

















