নিউ ইয়র্কে রানওয়েতে বিমান-অগ্নিনির্বাপক ট্রাক সংঘর্ষে নিহত দুই, আহত নয়

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সাথে অগ্নিনির্বাপক ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে মন্ট্রিল থেকে আসা ৭২ জন যাত্রী ও চারজন ক্রুবাহী সিআরজে-৯০০ মডেলের বিমানটি রানওয়েতে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানিয়েছে, সংঘর্ষের সময় বিমানের সামনের অংশ (নোজ) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অগ্নিনির্বাপক ট্রাকটি উল্টে যায়। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও নয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্ত ও রেডিও ট্রান্সমিশন সূত্রে জানা গেছে, অন্য একটি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি সহায়তা দিতে যাওয়ার সময় অগ্নিনির্বাপক ট্রাকটি রানওয়েতে চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার ট্রাকটিকে থামানোর জন্য বারবার সতর্কবার্তা দিলেও শেষ রক্ষা হয়নি এবং প্রায় ২৪ মাইল বেগে অবতরণরত বিমানটি ট্রাকটিকে আঘাত করে।
এই মর্মান্তিক ঘটনার পর লা গার্ডিয়া বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে অন্তত ১৮টি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

















