নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির ১৪শ কোটি টাকার ঋণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব ও টেকসই নগর সেবা নিশ্চিত করতে বড় অংকের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় সংস্থাটি ১১ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪২১ কোটি টাকা প্রদান করবে।
গত শুক্রবার ফিলিপাইনের ম্যানিলায় এডিবির সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো নগরবাসীর জন্য নিরাপদ পানির সরবরাহ বাড়ানো। বর্তমানে নারায়ণগঞ্জে দৈনিক ১১ কোটি ৩০ লাখ লিটার পানি সরবরাহের সক্ষমতা থাকলেও এই প্রকল্পের মাধ্যমে তা ১৬ কোটি ২০ লাখ লিটারে উন্নীত করা হবে। এজন্য নতুন টিউবওয়েল স্থাপন, বিদ্যমান পানি শোধনাগার সংস্কার এবং পুরোনো কূপগুলোর উন্নয়ন করা হবে। এছাড়া প্রায় ২৩৪ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে পানির অপচয় ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (SCADA) প্রযুক্তির পাশাপাশি অনলাইন বিলিং ও ডিজিটাল রাজস্ব আদায় ব্যবস্থা চালু করা হবে। এর ফলে গ্রাহকসেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।
চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলা এবং জলাবদ্ধতা দূর করতে ২২ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো ‘নেচার-বেজড সল্যুশন’ বা প্রকৃতি-ভিত্তিক পদ্ধতিতে নির্মাণ করা হবে। একইসাথে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া শহরের সবুজ উন্মুক্ত স্থান ও পার্ক সম্প্রসারণের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে।

















