নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা আহত

নাটোরে বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে গুরুদাসপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক পৌর মেয়র মশিউর রহমান এবং পৌর মেয়রপ্রার্থী হতে আগ্রহী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে এএসআই আজিজ গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ তা দমনে কাজ করে।
এ সময় দায়িত্ব পালনকালে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

















