নরসিংদীতে কর্মকর্তাদের জিম্মি করে পাঁচ লাখ টাকার তার লুট

নরসিংদীর পলাশ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপ-বিদ্যুৎ কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করেছে একদল দুর্বৃত্ত।
রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি উপ-বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
চলতি লাইন থেকে তার ও অন্যান্য সরঞ্জাম কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী ও রাজাবোসহ অন্তত ৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের সাধারণ গ্রাহকরা।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন জানান, ভোরে তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত সাব-স্টেশনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে জিম্মি করে ফেলে। এরপর অত্যন্ত সুকৌশলে চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পর পল্লী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

















