নড়াইলে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল জেলা পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে। নিহত ছনিয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুকনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। আজ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে নড়াইল পুলিশ লাইনস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নূরে জান্নাতুল ছনিয়া গত বছরের ১০ অক্টোবর ডিএমপি থেকে বদলি হয়ে নড়াইলে যোগদান করেছিলেন। সহকর্মীদের ভাষ্যমতে, গত কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।
বৃহস্পতিবার রাতে নারী ব্যারাকের একটি কক্ষে একা থাকাকালীন তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া ও জানাজা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিকেলেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

















