দেশে ২৪ দিনে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি

চলতি মার্চ মাসে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। মাসের প্রথম ২৪ দিনেই বৈধ পথে দেশে রেমিট্যান্স এসেছে ৩.০৫ বিলিয়ন (৩০৫ কোটি) মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৭ হাজার ২১০ কোটি টাকা। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্চ মাসের শুরু থেকেই প্রবাসীরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। মাসের বাকি দিনগুলোতেও এই প্রবাহ বজায় থাকলে এটি একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড গড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩.২৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে গত বছরের ডিসেম্বর (৩.২৩ বিলিয়ন) এবং চলতি বছরের জানুয়ারি (৩.১৭ বিলিয়ন) মাস। বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, চলতি মার্চের শেষে প্রাপ্তি ৩.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৫০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৯০ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ১২৩ কোটি ৮০ লাখ ডলার। অর্থনীতির এই সংকটকালে রেমিট্যান্সের এমন জোয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















