দেড় মাসের শিশুসহ মুক্তি পেলেন সেই নারী নেত্রী শিল্পী বেগম

অবশেষে দেড় মাসের দুগ্ধপোষ্য শিশুসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি জানান, জামিনের কাগজপত্র পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।
মানবিক বিবেচনায় জামিন এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, শিল্পীর কোলে দেড় মাসের শিশু রয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থায় শিশুটির স্বাস্থ্যঝুঁকি ও মানবিক দিক বিবেচনা করে আদালতের কাছে জামিন প্রার্থনা করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
ঘটনার প্রেক্ষাপট রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী গতকাল বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
কোলে মাত্র ১ মাস ১৬ দিনের শিশু নিয়ে একজন মায়ের কারাগারে যাওয়ার খবরটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা শিশুটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই উদ্বেগ ও মানবিক দিক বিবেচনায় আদালত দ্রুততম সময়ের মধ্যে জামিনের আদেশ দেন।

















