দেড় মাসের শিশুসহ কারাগারে মা!

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি মোসা. শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই আদেশের পর সব ছাপিয়ে আলোচনায় এসেছে আসামির সঙ্গে থাকা মাত্র ১ মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানটি। দুগ্ধপোষ্য এই শিশুকে নিয়ে কারাগারে যাওয়ার প্রাক্কালে মা ও স্বজনরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে শিল্পী বেগমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেন আদালত।
আদালতে শুনানির সময় শিল্পী বেগম দাবি করেন, তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। দেড় মাসের শিশুকে নিয়ে কারাগারে থাকলে শিশুটির জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ সময় আদালতে উপস্থিত তার খালা উম্মে কুলসুম সুমি দাবি করেন, শিল্পী বেগমের হাত ভাঙা এবং তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয়। এই অসুস্থ অবস্থায় কোলের শিশুকে নিয়ে কারাগারে থাকা তার জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হবে।
মামলার নথি অনুযায়ী, বাদী মো. সোহেল রানার ছেলে মো. তাহমিদ মুবিন রাতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চানখাঁরপুল এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। এর পরবর্তী সময়ে গত ২৩ জুলাই সন্ধ্যায় আসামিদের নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে বাদীর বাসায় হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়, যাতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে বাদীর স্বামী সোহেল রানাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে শিল্পী বেগমের সংশ্লিষ্টতা পাওয়ায় সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

















