দুর্নীতি ছাড়তে হবে, না হলে চলে যেতে হবে: কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনকে (কুসিক) দুর্নীতিমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সোমবার দুপুরে বিদায়ী প্রশাসক (অতিরিক্ত সচিব) শাহ আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
দায়িত্ব নিয়েই তিনি কুসিককে বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের উদ্দেশে সাফ জানিয়ে দেন যে, তাদের হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি করপোরেশন ছেড়ে চলে যেতে হবে। তিনি নীতি-নৈতিকতা ও সততার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে নগরবাসীর সেবার প্রকৃত কেন্দ্রস্থলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যে প্রশাসক টিপু রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন, তারা কর্মী হিসেবে তা মাঠে বাস্তবায়ন করবেন। তিনি দলমত নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং নিজের মাঝে যেন কোনো ধরনের অহংকার কাজ না করে, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, নাগরিকদের ট্যাক্সের টাকায় হওয়া কাজে শতভাগ স্বচ্ছতা না থাকলে তিনি কোনো বিলে স্বাক্ষর করবেন না।
নগরীর বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, মঙ্গলবার থেকেই যানজট নিরসনে কাজ শুরু হবে। এছাড়া নগরবাসী যাতে স্বস্তিতে ঘুমাতে পারেন, সেজন্য প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ চারটি ওয়ার্ড চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে, যা পর্যায়ক্রমে পুরো নগরীতে ছড়িয়ে দেওয়া হবে।
জলাবদ্ধতা ও বেহাল রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়েও তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















