দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়, সুশাসনই মূল ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই বর্তমান সরকারের লক্ষ্য। আমরা সুশাসনকে রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি।”
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে তবেই জনরায়ের প্রতিফলন ঘটে। এখন থেকে সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূল নীতি। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিটি পদকে গুরুত্বের সাথে দেখার এবং দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
রাষ্ট্র পরিচালনার কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তবে আমরা জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকার একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।
জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলগুলোতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন এবং বিষয়টি ডিসিদের নিবিড়ভাবে তদারকি করার আহ্বান জানান।
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে দেশের ঋণের বোঝা ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















