দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তা নিশ্চিত করতে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করবে সরকার।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। প্রথমবারের মতো আয়োজিত এই প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের জবাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে দেশের উন্নয়নে কাজ শুরু করেছে। যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও তাঁর সরকারের সমান দায়িত্ব। বিশেষ করে শিক্ষা খাতের আধুনিকায়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী ৫ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রাথমিক পর্যায়ের ২ লাখ শিশুর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হবে।
শিক্ষা ও কারিগরি খাতের উন্নয়নে আরও বেশ কিছু উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ট্যাব প্রদান করা হবে।
এছাড়া দেশজুড়ে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা চালু করার পরিকল্পনাও সংসদে উপস্থাপন করেন সরকারপ্রধান।

















