দীর্ঘ ৪০ দিন পর আল-আকসায় আদায় করা হলো ফজরের নামাজ

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলি বাহিনী এই ঐতিহাসিক মসজিদটি বন্ধ করে দিয়েছিল।
দীর্ঘ এই সময় পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেওয়ায় সেখানে ফজরের নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।
চলতি বছর আল-আকসা মসজিদ অবরুদ্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা পবিত্র রমজান মাসের ইবাদত ও ঈদুল ফিতরের নামাজ সেখানে আদায় করতে পারেননি। তবে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতির উন্নতি ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের প্রবেশদ্বারগুলো খুলে দিতে বাধ্য হয়।
মসজিদের ফটকগুলো খুলে দেওয়ার পরপরই সেখানে মুসল্লিদের ঢল নামে। আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর আবেগঘন পরিবেশে ফজরের নামাজ আদায় করতে দলে দলে আল-আকসায় প্রবেশ করছেন ফিলিস্তিনিরা। অনেকের চোখেমুখেই ছিল স্বস্তির ছাপ। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এই আঙিনায় আবারও আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়।
উল্লেখ্য, এর আগে গত রমজান মাস জুড়ে এবং পবিত্র ঈদুল ফিতরের দিনেও মুসল্লিদের আল-আকসায় প্রবেশে কঠোর বাধা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে বাধ্য হয়েছিলেন। অবশেষে যুদ্ধবিরতির পর সেই কঠোর অবরোধের অবসান ঘটল।

















