তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: মুসাদ্দিককে ছাত্রদল নেতার হুমকি!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত না রাখার’ হুমকি ও হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মুসাদ্দিক আলীর দাবি অনুযায়ী, বুধবার বেলা ১টা ২৫ মিনিট নাগাদ তিনি কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীরা তার পথরোধ করেন।
মুসাদ্দিক বলেন, “আমি উনাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন— তুই আমাকে চিনতে পারতেছিস না? তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না।”
সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আরও অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে কেবল গালিগালাজই করেননি, বরং মারতে উদ্যত হন। সহযোগীরা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি বারবার তেড়ে এসে হামলার চেষ্টা চালান এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেন। ক্যাম্পাসের মতো নিরাপদ জায়গায় একজন ছাত্রপ্রতিনিধির ওপর এমন আচরণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, “মুসাদ্দিক আমার নামে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। আমি কেবল একজন নিয়মিত ছাত্র হিসেবে তার কাছে সেই মিথ্যাচারের জবাব চেয়েছি। জবাব চাওয়া কোনো অন্যায় বা অপরাধ হতে পারে না।”
উল্লেখ্য, অভিযুক্ত মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে পড়াশোনা বিঘ্নিত হওয়ায় তিনি একাধিকবার পুনঃভর্তি হন এবং বর্তমানে ২০২৩-২৪ সেশনের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

















