তিন ডলারে সচল করুন আপনার পুরোনো পিসি!

আপনার কি পুরোনো কোনো ল্যাপটপ বা ডেস্কটপ পিসি আছে যা উইন্ডোজ ১০ সাপোর্ট বন্ধ হওয়ার কারণে অকেজো হয়ে পড়ার ঝুঁকিতে? নতুন করে উইন্ডোজ ১১ আপডেট নিচ্ছে না বলে কম্পিউটারটি ফেলে দেওয়ার কথা ভাবছেন? তবে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। মাত্র ৩ ডলারের বিনিময়ে আপনার সেই পুরোনো ডিভাইসটিকে নতুন করে সচল ও নিরাপদ করার সমাধান দিয়েছে সংস্থাটি।
মাইক্রোসফট উইন্ডোজ ১০ সংস্করণের কারিগরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বজুড়ে কয়েক কোটি গ্রাহক বড় সমস্যায় পড়েছেন। বিশেষ করে যাদের পিসিতে উইন্ডোজ ১১ সংস্করণ সমর্থন করে না, তারা চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। গুগলের দাবি অনুযায়ী, বর্তমানে সচল প্রায় ৫০ কোটি উইন্ডোজ ১০ পিসি এই মুহূর্তে আপগ্রেড করা প্রায় অসম্ভব।
ভুক্তভোগী এই বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য গুগল নিয়ে এসেছে তাদের ক্লাউডকেন্দ্রিক অপারেটিং সিস্টেম ‘ক্রোমওএস ফ্লেক্স’। এটি মূলত পুরোনো পিসি এবং ম্যাক কম্পিউটারকে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তুলতে ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি ব্যবহার করলে আপনার সাপোর্টহীন ল্যাপটপ বা ডেস্কটপটি একটি সুরক্ষিত এবং দ্রুতগতির ডিভাইসে রূপান্তরিত হবে।
গুগল এই আপগ্রেড সুবিধাটি দিচ্ছে অনেকটা বিনামূল্যে। তবে সাধারণ গ্রাহকদের জন্য এই প্রক্রিয়াটি আরও সহজ করতে গুগল ‘ব্যাক মার্কেট’-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে একটি বিশেষ ইউএসবি কিট চালু করেছে।
ইউএসবি কিটটির দাম রাখা হয়েছে ৩ ডলারের কাছাকাছি। কোনো কারিগরি জটিলতা না জানলেও সাধারণ যে কেউ এই কিট ব্যবহার করে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। একটি কিট ব্যবহার করে একাধিক পিসিতে ওএস ইনস্টল করা সম্ভব।
গুগল জানায়, নতুন ল্যাপটপ তৈরি করতে যে পরিমাণ কার্বন নির্গমন হয়, তা কমাতে সহায়ক হবে এই উদ্যোগ। পুরোনো ডিভাইস বেশিদিন ব্যবহারের ফলে একদিকে যেমন ই-আবর্জনা (E-waste) কমবে, অন্যদিকে ক্রোম অপারেটিং সিস্টেম অন্যান্য সিস্টেমের তুলনায় গড়ে প্রায় ১৯ শতাংশ কম শক্তি খরচ করে।
যারা মূলত ইন্টারনেটে কাজ করেন, যেমন—ইমেইল আদান-প্রদান, ভিডিও কল, অনলাইন ডকুমেন্ট এডিটিং, স্ট্রিমিং এবং ওয়েব ব্রাউজিং; তাদের জন্য ক্রোমওএস ফ্লেক্স একটি আদর্শ সমাধান। তবে যারা নির্দিষ্ট কিছু উইন্ডোজ সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভরশীল, তাদের জন্য এটি শতভাগ বিকল্প না হলেও একটি সাশ্রয়ী ও তাৎক্ষণিক সমাধান হিসেবে কাজ করবে।

















