ঢাকাসহ চার সিটি করপোরেশনে হামের বিশেষ টিকাদান শুরু

দ্বিতীয় ধাপে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচির শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় ১২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হবে এবার। সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, পিছিয়ে থাকা এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ কর্মসূচির বার্তা প্রচারে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এটি একটি জরুরি উদ্যোগ। সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের সুবিধার কথা বিবেচনায় স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রও চালু করা হয়েছে।
সন্তানের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনলে রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। একই সঙ্গে হার্ড ইমিউনিটি বাড়াতে গুরুত্ব দেন তিনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

















